আজ
|| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
ফেসবুকে অপপ্রচারের শিকার যুবদল নেতা পলাশ, আইনি পদক্ষেপের পথে ভুক্তভোগী
প্রকাশের তারিখঃ ৮ এপ্রিল, ২০২৬
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলার ১১ নং চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সদস্য সচিব শাহানুর রহমান পলাশকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুয়া, মাদক ও ব্যক্তিগত জীবন সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী ও তার সমর্থকরা।
অভিযোগে জানা যায়, সম্প্রতি ফেসবুকে একাধিক আইডি থেকে শাহানুর রহমান পলাশকে জড়িয়ে ভিত্তিহীন ও মানহানিকর পোস্ট করা হয়। এসব পোস্টে তার বিরুদ্ধে জুয়া ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয় এবং তার ডিভোর্সী স্ত্রীর ব্যক্তিগত ছবি ব্যবহার করে অপমানজনক কনটেন্ট ছড়ানো হয়, যা সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা বলে দাবি করা হচ্ছে।
ভুক্তভোগী শাহানুর রহমান পলাশ বলেন,
এগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। আমার রাজনৈতিক ও সামাজিক অবস্থান ক্ষুণ্ন করতেই একটি চক্র পরিকল্পিতভাবে এসব ছড়াচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও জানান, এ ধরনের মানহানিকর কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে অপপ্রচারের প্রবণতা বাড়ছে, যা উদ্বেগজনক। তারা দ্রুত এসব অপপ্রচার বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছে, ব্যক্তিগত ছবি ও তথ্য ব্যবহার করে এ ধরনের অপপ্রচার শুধু অনৈতিকই নয়, আইনত দণ্ডনীয় অপরাধ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
Copyright © 2026 দিগন্ত বার্তা. All rights reserved.