স্টাফ রিপোর্টার :
জামালপুরের ইসলামপুর উপজেলার ১২ নং চর গোয়ালিনী ইউনিয়ন পরিষদে ১০ কেজি করে সরকারি চাল বিতরণে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রায় ১০০ জন কার্ডধারী ব্যক্তি সরকারি চাল না পেয়ে খালি হাতে ফিরে গেছেন। আরও অভিযোগ উঠেছে, অনেককে চালের পরিবর্তে ১০০ টাকা করে দিয়ে বিদায় করা হয়েছে।
ভুক্তভোগীরা জানান, সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় চাল পাওয়ার জন্য তারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকলেও শেষ পর্যন্ত তাদের চাল দেওয়া হয়নি। বরং কিছু ব্যক্তিকে চাল নেই বলে ১০০ টাকা ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।
স্থানীয় কয়েকজন কার্ডধারী ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার যেখানে ১০ কেজি চাল দিচ্ছে, সেখানে আমাদের চাল না দিয়ে ১০০ টাকা দেওয়া হয়েছে। এটা কেমন নিয়ম? আমরা চাল চাই, টাকা না।
এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রকৃত উপকারভোগীদের বঞ্চিত করে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে চাল বিতরণ করা হয়েছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সচেতন মহলের মতে, দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্য সহায়তা নিয়ে এমন অভিযোগ অত্যন্ত দুঃখজনক এবং এটি সরকারের মানবিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে।
এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ সরকার বলেন, চাউল বিতরণের সময় প্রায় ১০ থেকে ১২ জন উপকারভোগী চাউল পাননি। নির্ধারিত বরাদ্দের চাউল শেষ হয়ে যাওয়ায় এবং পরে আর কোনো উপকারভোগী উপস্থিত না থাকায় আমরা সেখান থেকে চলে আসি।
