জামালপুর প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুর উপজেলার চিনারচর এলাকায় প্রাক্তন স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় নিজের নাম জড়ানোকে ‘গভীর ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন চরপুটিমারী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সমাজসেবক কুদ্দুস খান।
মঙ্গলবার (৫ মে) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, অভিযোগে উল্লেখিত নারীর সঙ্গে তার পূর্ব কোনো পরিচয় ছিল না। এমনকি তিনি যে শাহানুর রহমান পলাশের স্ত্রী ছিলেন, সেটিও পরে জানতে পেরেছেন বলে দাবি করেন তিনি। ভিডিও বা ছবি ছড়িয়ে দেওয়ার ঘটনায় নিজের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও জোর দিয়ে জানান কুদ্দুস খান।
তিনি অভিযোগ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার কারণে একটি মহল পরিকল্পিতভাবে তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এ ঘটনায় জড়িয়েছে। তার ভাষ্য, এলাকায় সামাজিক কর্মকাণ্ড ও জনপ্রিয়তার কারণে প্রতিপক্ষরা তাকে বিতর্কিত করতে অপপ্রচার চালাচ্ছে।
কুদ্দুস খান বলেন,
একটি স্বার্থান্বেষী চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই নারীকে ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই এই অপচেষ্টা চালানো হচ্ছে।
তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, সঠিক তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং তিনি ন্যায়বিচার পাবেন।
পাশাপাশি নিজের সম্মান রক্ষায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। একই সঙ্গে তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশ না করতে গণমাধ্যমের প্রতিও আহ্বান জানান কুদ্দুস খান।
