এইচ এম জোবায়ের হোসাইন :
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল পৌরসভাস্থ রামপুর মৌজায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা ১১৮ শতাংশ সরকারি খাসজমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২২ জুলাই) পরিচালিত উচ্ছেদ অভিযানে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জমির ওপর সরকারের দখল পুনঃপ্রতিষ্ঠা করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। অভিযানে রামপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ১১৮ শতাংশ সরকারি ভূমি দখলমুক্ত করা হয়।
উচ্ছেদ অভিযানে ত্রিশাল থানা পুলিশের একটি টিম নিরাপত্তার দায়িত্ব পালন করে। এছাড়া রামপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ত্রিশাল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় জনগণ সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, সরকারি খাসজমি দখলমুক্ত রাখা, ভূমি রক্ষা এবং আইনের শাসন নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
