স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ইউনিয়ন পর্যায়ে সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটি ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। একপক্ষের দাবি, ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করে কমিটি গঠন করা হয়েছে। তবে অন্যপক্ষের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হয়েছে নতুন কমিটিতে।
এমনই একটি অভিযোগ উঠেছে মুক্তাগাছা উপজেলার ৬নং মানকোন ইউনিয়ন ছাত্রদলের নবঘোষিত সভাপতি এমদাদুল হক রানার বিরুদ্ধে।
অভিযোগকারী ছাত্রদলের একাংশের দাবি, এমদাদুল হক রানা অতীতে ছাত্রলীগের মিছিলে সামনের সারিতে অংশ নিয়েছেন। তাদের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে তাকে ছাত্রলীগের মিছিলে প্রথম সারিতে দেখা যায়। এসব ছবি সামনে এনে তারা প্রশ্ন তুলছেন, “যুবলীগ-ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়া একজন ব্যক্তি কীভাবে ছাত্রদলের সভাপতি হলেন?”

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। অভিযোগকারীরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দলের ঊর্ধ্বতন নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তবে এ বিষয়ে এমদাদুল হক রানার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য জানার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এছাড়া অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা বা জেলা ছাত্রদলের নেতাদের আনুষ্ঠানিক বক্তব্যও এখনো জানা যায়নি।
