ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. জাতীয়
  4. তথ্যপ্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশেষ সংবাদ
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে জলাবদ্ধতা নিরসনে ১ কোটি ২০ লাখ টাকার ড্রেনেজ প্রকল্প

প্রতিবেদক
বার্তা বিভাগ
আগস্ট ২৪, ২০২৬ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

এইচ এম জোবায়ের হোসাইন :

বর্ষা এলেই জলাবদ্ধতায় নাকাল হতে হয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষকে। দীর্ঘদিনের এই দুর্ভোগ এবার কাটতে যাচ্ছে। ত্রিশালের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ হাটবাজারগুলোতে জলাবদ্ধতা নিরসনে নেওয়া হয়েছে ১ কোটি ২০ লাখ টাকার বিশেষ ড্রেনেজ প্রকল্প।

‘গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (২য় সংশোধন)’-এর আওতায় এ বিশেষ বরাদ্দ অনুমোদন করা হয়েছে। জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বরাদ্দের অনুমোদন আনা হয়েছে বলে জানা গেছে।

প্রকল্পের আওতায় উপজেলার ছয়টি গুরুত্বপূর্ণ হাটবাজারে আধুনিক পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হবে। এতে বর্ষাকালে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের পাশাপাশি বাজারগুলোতে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

প্রস্তাবিত ড্রেনেজ ব্যবস্থার আওতায় রয়েছে—কাশিগঞ্জ বাজার থেকে পাজনখালী খাল পর্যন্ত ড্রেন নির্মাণ, আহম্মদাবাদ বাজার, সানকিভাঙ্গা বাজার, পোড়াবাড়ি বাজার, বালিপাড়া বাজার ও হরিরামপুর বাজার।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বলছেন, সামান্য বৃষ্টিতেই এসব বাজারের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যায়। এতে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হওয়ার পাশাপাশি ক্রেতা ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। নতুন ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ হলে দীর্ঘদিনের এ সমস্যার স্থায়ী সমাধানের পথ খুলবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ১ কোটি ২০ লাখ টাকার এ প্রকল্প বাস্তবায়ন হলে ত্রিশালের গুরুত্বপূর্ণ হাটবাজারগুলোর জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের পরিবেশেও ইতিবাচক পরিবর্তন আসবে।