• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ও ত্রিশালে বাংলা নববর্ষ উদযাপিত

Reporter Name / ৫০ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

ফারুক আহমেদ ‘নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যায়ে বর্ণাঢ্যভাবে দুই দিনব্যাপী বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়। দিবসটি উপলক্ষ্যে ১ বৈশাখ ১৪৩৩ মঙ্গলবার সকালে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, নানা বয়সের দর্শনার্থীরা শোভাযাত্রায় স্বত:স্ফূর্ত অংশগ্রহণ করেন। গাহি সাম্যের গান মঞ্চ থেকে শুরু হয়ে বৈশাখী শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশ-পাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গাহি সাম্যের গান মঞ্চের সামনে এসে শেষ হয়। এরপর গাহি সাম্যের গান মঞ্চে শুরু হয় বিভিন্ন প্রকার পরিবেশনা। এসময় নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিবহণ প্রশাসক ও পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান ও পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. সুশান্ত কুমার সরকার। বাংলা নববর্ষ উদযাপনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও গাহি সাম্যের গান মঞ্চে অনুষ্ঠিত হয় লাঠি খেলা, ধুয়া গান (বিলুপ্ত প্রায়), বৈশাখী গান ও বাউল গান, আবৃত্তি, বৈশাখী নৃত্য, রম্য বিতর্ক এবং গম্ভীরা। গম্ভীরার নির্দেশনা ও অভিনয়ে ছিলেন থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মনোজ কুমার প্রামাণিক। এছাড়া গম্ভীরায় সহযোগী শিল্পী হিসেবে সঙ্গীত বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার শুরুতে সোমবার ফিতা কেটে বৈশাখী মেলা ও আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠানের মোট ৪০টি স্টল বসে। বাংলা নববর্ষ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন প্রকার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর চৈত্রসংক্রান্তি ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চের সামনে ঘুড়ি উড়ানো হয়। এ দিকে ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা, আলোচনা সভা, মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা নাজনীন সুলতানা, উপজেলা প্রকৌশলী যুবায়েতে হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিলুফার হাকিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category