জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলায় চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খানকে প্রতিহিংসা ও রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মাদক মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে।
জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের আইড়মারী এলাকায় ‘সাধু’ নামের এক ব্যক্তির বাড়িতে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে ৪৪টি গাঁজা গাছ উদ্ধার করা হয় এবং সাধুর ভাই ইসলাম ফকিরকে আটক করা হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযানে নেতৃত্বদানকারী এসআই শাজাহান পরবর্তীতে ঘটনাকে কেন্দ্র করে প্রতিহিংসামূলক আচরণ করেন। তাদের অভিযোগ, কোনো ধরনের সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও হয়রানির উদ্দেশ্যে আব্দুল কুদ্দুস খানকে মামলায় জড়ানো হয়েছে।
মামলার নথিতে তাকে ৪ নং আসামি করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, এটি একটি পরিকল্পিত হয়রানি এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করার কৌশল হতে পারে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
গাঁজা গাছের মালিক সাধু মিয়া বলেন, গাছ আমি লাগিয়েছি। অপরাধ হলে আইন আমাকে শাস্তি দিক। অন্য কাউকে কেন আসামি করা হবে?
ভুক্তভোগী আব্দুল কুদ্দুস খান বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না। তার অভিযোগ, তাকে রাজনৈতিকভাবে হয়রানি করতেই এ মামলায় আসামি করা হয়েছে।